সরকার ঘোষিত যুদ্ধবিরতি লংঘন করে মিয়ানমার সেনাবাহিনী কাচিন বিদ্রোহীদের দখলকৃত একটি কৌশলগত পাহাড়ি এলাকায় রবিবার নতুন করে হামলা চালিয়েছে। মিয়ানমার সরকার একতরফাভাবে গত শুক্রবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ)সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। পার্লামেন্টে লড়াই বন্ধের আহবানের পরপরই সরকারি টিভিতে সম্প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে বিদ্রোহীদের ওপর হামলা বন্ধ করেছে। এদিকে বিদ্রোহীরা দাবি করেছে যুদ্ধবিরতির কয়েকঘন্টা পরও কাচিনে শেল নিক্ষেপ করা হয়েছে। — খবর সিনহুয়া ও বিবিসির।
প্রতিরক্ষা বিভাগের প্রধানের উদ্ধৃতি দিয়ে জানানো হয় সরকারি বাহিনীগুলো কঠোরভাবে প্রেসিডেন্টের নির্দেশনা মান্য করবে। শুধু আত্মরক্ষার খাতিরে গুলি চালাতে পারবে সেনারা। অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের জন্য কাচিন বিদ্রোহীদের প্রতিও আহবান জানানো হয় তারা যেন সরকারি সেনাদের ওপর হামলা না করে। খাবার সংকট ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পুতাও অঞ্চলে সড়ক অবরোধ এবং মাইন হামলা বন্ধ রাখতে বলা হয় সরকারের পক্ষ থেকে। জাতীয় সংহতি ও স্থায়ী শান্তির স্বার্থে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার কথাও বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর কাচিন বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, তাদের শক্ত ঘাঁটি লায়জার আশেপাশে সেনাবাহিনী মর্টার হামলা অব্যাহত রেখেছে।
১৭ বছরের যুদ্ধবিরতির পর গত মাসে নতুন করে কাচিন বিদ্রোহীদের ওপর হামলা শুরু করেছিল সেনাবাহিনী।
