ওবামার সামনে অনেক চড়াই-উত্রাই

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি দ্বিতীয় কর্মকালের জন্য শপথ নিয়েছেন। কিন্তু ফিস্কাল ক্লিফ থেকে আগ্নেয়াস্ত্র আইন কিংবা আফগানিস্তান থেকে সৈন্য অপসারণ অবধি তার সামনে সমস্যার কোনো শেষ নেই। ওবামা তার দ্বিতীয় কর্মকাল শুরু করার মুখে দেখছেন ৫০ শতাংশের বেশি মার্কিনিদের সমর্থন তার দিকে। অপরদিকে দেশ যে দ্বিধাবিভক্ত, তার প্রমাণ ডেমোক্রেটরা ওবামার নীতি সমর্থন করেন বটে, কিন্তু রিপাবলিকানরা পূর্বাপর সে নীতির বিরোধী। অর্থাত্ ওবামা জনতার মনপছন্দ হোন আর পুনর্নির্বাচিত প্রেসিডেন্টই হোন, মার্কিন কংগ্রেসের বর্তমান গঠন যে অতীব জটিল, সে কথা খোলাখুলি বলছেন বিশ্লেষকরা। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে মতভিন্নতার ফলে আবার অচলাবস্থার আশংকা করছেন তারা। তবে ওবামার প্রথম কর্মকালের তুলনায় এবার রিপাবলিকানরা কিছু কিছু সংকেত দিচ্ছে, যেমন তারা রাষ্ট্রীয় ঋণের সর্বোচ্চ সীমা অন্তত তিনমাসের জন্য তুলতে সম্মত হয়েছে। ওবামা এবার গোড়া থেকেই পরিষ্কার করে দিয়েছিলেন যে, তিনি ঋণের সীমা তোলা নিয়ে গতবারের মতো নাটক বা বিতর্ক চান না। যাই হোক, ওবামার দ্বিতীয় কর্মকালে মার্কিন অর্থনীতি নিয়ে তাকে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। যেমন বেকারত্বের হার কমছে বটে, কিন্তু সেটা সম্ভবত বহু লোক চাকরি খোঁজা পরিত্যাগ করেছে বলে। যার অর্থ, বেকারত্ব একটা স্থায়ী রোগ হয়ে দাঁড়াতে পারে। বেকারত্ব হোক আর অন্য কোনো অর্থনৈতিক সমস্যাই হোক, ওবামাকে শেষমেষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর দ্বারস্থ হতে হবে, যেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে রয়েছে মার্কিন কংগ্রেস, যেখানে রিপাবলিকানরা সংখ্যালঘু হলেও, যে কোনো বিল পাস হওয়া রুখতে পারে। ওবামাকে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী আর্থিক নীতির ব্যাপারে একটা সমঝোতায় আসতে হবে। সূত্র:ওয়েবসাইট