গত বছর দুয়েক হলো ত্রিমাত্রিক প্রিন্টিং নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে গত বছরের শেষের দিকে এসে ত্রিমাত্রিক প্রিন্টিং আর কোনো কল্পনার বিষয়ে থেমে নেই। বরং একেবারেই বাস্তবে পরিণত হয়েছে ত্রিমাত্রিক প্রিন্টার। ইতোমধ্যেই ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে চকলেট থেকে শুরু করে আস্ত রোবট তৈরির পরিকল্পনাও করে ফেলেছেন গবেষকরা। আর তাতে তারা অনেক দূর এগিয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন। এদিকে আবার হল্যান্ডের একজন স্থপতি পরিকল্পনা গ্রহণ করেছেন, ত্রিমাত্রিক প্রিন্টারে তিনি তৈরি করবেন আস্ত এক বিল্ডিং! হ্যাঁ, শুনতে অবাক হওয়ার মতো হলেও উড়িয়ে দেওয়ার উপায় নেই। ৪ থেকে ৫ মিলিয়ন ইউরো খরচ করে তৈরি করা যাবে এই বিল্ডিং। জানজাপ রুইজসেনারস নামের এই স্থপতি অনেকদিন থেকেই কাজ করছেন ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি নিয়ে। এ বিষয়ে বিশেষজ্ঞ এনরিকো ডিনির সাথে তিনি কাজ করছেন। আর এই কাজ করতে গিয়েই এমন আইডিয়া পেয়েছেন তিনি। বিশেষ করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন দেখেই তিনি অনুপ্রাণিত হন এই ত্রিমাত্রিক বিল্ডিং তৈরি করার জন্য। তার ডিজাইনে তৈরি করা বিল্ডিংগুলো হবে অনেকটা লুপ আকৃতির ডিএনএ’র মতো। তার ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, মার্বেলের মতো কোনো পদার্থ ব্যবহার করে তিনি এসব বিল্ডিং তৈরি করবেন। তবে এতে কিছু পরিমাণ কংক্রিটও ব্যবহূত হবে বলেও জানান তিনি। এই খবর অবশ্য খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে প্রযুক্তি বিশ্বে। আর তাতে সাড়াও পাচ্ছেন রুইজসেনারস। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, শেষ পর্যন্ত রুইজসেনারসের উদ্যোগটা জনপ্রিয় হয়ে উঠবে বিশ্বব্যাপী।
