যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং দিবসের অনুষ্ঠানে গুলিতে আহত পাঁচ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০১
গত সোমবার যুক্তরাষ্ট্রে পালিত হল নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং দিবস। দিবসটি উদযাপনে বিভিন্ন অঙ্গরাজ্যে প্যারেড অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এদিকে লুইজিয়ানায় প্যারেড অনুষ্ঠানের পর গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছে। খবর সিনহুয়ার। পুলিশ জানিয়েছে, আহতদের সবারই বয়স সতেরো থেকে আঠারো বছরের মধ্যে। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। ভিডিওতে দেখা যায়, যেখানে প্যারেড অনুষ্ঠান চলছিল তার কাছ দিয়ে একটি সাদা গাড়ি গুলি করতে করতে চলে যায়। এতে প্যারেড দেখতে আসা দর্শকের কয়েকজন আহত হয়েছে। এতে পাঁচজন আহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারেডকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়নি। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর জানুয়ারির তৃতীয় সোমবার এ দিবস পালিত হয়ে আসছে। ১৯৬৮ সালের ৪ এপ্রিল মাত্র ঊনচল্লিশ বছর বয়সে আততায়ীর হাতে নিহত হন এই মহান নেতা।