মালির দুটি শহর অবরোধ করেছে ফরাসি সেনারা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০২
সশস্ত্র ফরাসি ও মালির সেনারা সোমবার সকালে সাঁজোয়া যানসহ দেশটির ইসলামপন্থি জঙ্গি নিয়ন্ত্রিত শহর ডায়াবেলি ও ডৌয়েঞ্জা অবরোধ করেছে। অনেক ফরাসি ও মালি সেনা ডায়াবেলিতে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার আগেই ধীরে ধীরে সেখান থেকে জঙ্গিরা সরে পড়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। মালির রাজধানী বামাকো থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে ডায়াবেলি শহরের অবস্থান। ফরাসি সেনারা জঙ্গিদের ঘাঁটি মপতি ও সেভার থেকে তাদের হটিয়ে দেয়ার পর ডায়াবেলিই হয়ে ওঠে জঙ্গিদের আস্তানা। আর অপর শহর ডৌয়েঞ্জার অবস্থান বামাকো থেকে ৮শ’ কিলোমিটার উত্তরপূর্বে। গত সপ্তাহে এ শহরে বিমান হামলার পর বিদ্রোহীরা সেখান থেকে পালায় বলে জানিয়েছে অধিবাসীরা। সেনারা এ শহরটিও পুনর্দখল করেছে বলে জানান ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। শহর দুটিতে মালির সেনাদের অগ্রযাত্রা বামাকো সরকার এবং তাদেরকে সহায়তাকারী ফরাসি সেনাদের সামরিক সাফল্য বলে এক বিবৃতিতে প্রশংসা করেন তিনি। শুক্রবার ডায়াবেলিতে ফরাসি সেনারা বিমান হামলা চালানের পর জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে বিবিসি। মালির উত্তরাঞ্চলকে ইসলামপন্থিদের দখলমুক্ত করতে এক সপ্তাহ আগে সামরিক অভিযান শুরু করে ফরাসি সেনারা। আল-কায়েদা সংশ্লিষ্ট মালির জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাতে দেশটিতে ২ হাজার সেনা পাঠিয়েছে ফ্রান্স।