ইসরাইলে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০২
ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় এই ভোট শুরু হয়। নির্বাচনে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারবেন। এ উপলক্ষে নেতানিয়াহু দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলকে আরো একধাপ এগিয়ে নিতে তথা শক্তিশালী ইসরাইল গড়ে তুলতে তার দলকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২০ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে ভোটের জরিপে বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টিই জিতবে, তবে সেই জয় হবে খুব কষ্টে-সৃষ্টে। জরিপে আরো বলা হয়, তার দল দক্ষিণপন্থী ও ধর্মীয় দলগুলোর মধ্যে কোয়ালিশনের মাধ্যমে অধিকাংশ আসন পাবে। এক্ষেত্রে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এদিকে নাফতালি বেনেটের হোম পার্টি খুব জোরেশোরে ভোটারদের মনে ঢুকে পড়েছেন বলে অনেকে মনে করছেন। এককভাবে তার দল ক্ষমতায় যেতে না পারলেও তিনি জোট সরকারের অংশ হতে রাজি। সেক্ষেত্রে নেতানিয়াহুর সঙ্গেই হাত মেলাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আদর্শগত দিক থেকে উভয়ের মধ্যে একটা মিল রয়েছে। তাহলো তারা উভয়েই নির্বাচনী প্রচারাভিযানে বলেছেন, যে ফিলিস্তিনী দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি গড়ে তুলবেন। সেক্ষেত্রে ক্ষমতায় গেলে এ কাজটি তারা আরো দৃঢ়ভাবে করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।