আগামী এক বছর বা তারও বেশি সময় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা অব্যাহত থাকবে বলে সিআইএ’র নতুন সন্ত্রাসবিরোধী কর্মসূচি সূত্রে জানা গেছে।
রবিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি। ড্রোন হামলার মাধ্যমে ‘বাছাই করে হত্যা মিশনের’ জন্য পরিষ্কার পরিকল্পনা তৈরির লক্ষ্যে সিআইএ’র ওই কর্মসূচিটি তৈরি করা হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। কর্মসূচিটির নাম রাখা হয়েছে সন্ত্রাসবিরোধী “প্লেবুক”। চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্লেবুকটি প্রেসিডেন্ট বারাক ওবামার দপ্তরে জমা দেয়া হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সিআইএ’র ড্রোনগুলো পাকিস্তানের প্রতিবেশী রাস্ট্র আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
