অন্যদিকে সফটওয়্যার জায়ান্ট হিসেবে মাইক্রোসফট তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে ভালোভাবেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস প্যাকেজ আর অন্যান্য সফটওয়্যারের সাথে সাথে গত বছর থেকে তারা হার্ডওয়্যারেও প্রবেশ করেছে সারফেস নামের ট্যাবলেট পিসি দিয়ে। হার্ডওয়্যারে অবশ্য তাদের আগ্রহ ছিল আগে থেকেই। তারই সূচনাটা মূলত হয়েছে সারফেসের মাধ্যমে। হার্ডওয়্যার নিয়ে মাইক্রোসফট যে অনেক দূর এগিয়ে যেতে চায়, তারই প্রমাণ এবার মিলল পিসি নির্মাণে বিশ্বের তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান ডেলকে কিনে নেওয়ার প্রস্তাবনায়। ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনবিসি’র প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন অনুযায়ী, ডেল-এ ১ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য চিন্তাভাবনা করছে মাইক্রোসফট। এখন পর্যন্ত অবশ্য মাইক্রোসফটের এই প্রস্তাবনা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেনি ডেল। এদিকে এই বিষয়ে মাইক্রোসফট নিজেও কোনো তথ্য জানায়নি আনুষ্ঠানিকভাবে। এএফপি এ বিষয়ে জানতে চাইলে মাইক্রোসফট জানিয়েছে, ইকুইটি ফার্ম সিলভার লেক পার্টনার মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিষয়টি দেখার দায়িত্ব নিয়েছে। এদিকে বিষয়টি সম্পর্কে আলোচনা চূড়ান্ত করার জন্য ডেল নিজেও একটি বিশেষ কমিটি তৈরি করেছে। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয় পক্ষই কাজ করে যাচ্ছে। মাইক্রোসফট যদি শেষ পর্যন্ত ডেলকে কিনে নিতে সমর্থ হয়, তাহলে এটি হবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে বড় কর্পোরেট বিক্রির ঘটনা। মাইক্রোসফটের এই উদ্যোগ ইতোমধ্যেই সাড়া ফেলেছে প্রযুক্তি বিশ্বে। কেননা, বিশ্বের অন্যতম বৃহত্ পিসি নির্মাতা হিসেবে ডেলের শক্তিশালী বাজার রয়েছে দেশব্যাপী। তবে সাম্প্রতিক সময়ে তাদের বাজার কিছুটা পড়তির দিকে। এর মধ্যে লেনোভো এখন রাজত্ব করছে পিসির বাজারে। আবার ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের বাজার প্রসারের সাথে সাথেও ডেল কিছুটা পিছিয়ে পড়েছে। এসব মোবাইল ডিভাইসের সাথে পাল্লা দিয়ে ডিভাইস তৈরি করতে পারেনি ডেল। ফলে কিছুটা ক্ষতির মুখেও পড়ে তারা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা নিজেরাই একে প্রাইভেট কোম্পানি হিসেবে রূপান্তর করার কথা ভাবছিল। আর তার ফলেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতে বিনিয়োগের ব্যাপারে এবং প্রকারান্তরে একে কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। তবে এ বিষয়ে মাইক্রোসফই প্রথম প্রতিষ্ঠান হিসেবে আলোচনা শুরু করেছে।
