যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে অভিষেকের মোহ ভুলে স্ত্রীর নতুন চুলছাঁটেই বেশি মুগ্ধ বারাক ওবামা। অভিষেকের এ সপ্তাহে মিশেলের চুলছাঁটই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে বলে জানিয়েছেন তিনি। রসিকতা করে ওবামা বলেন, “আমি তার চুলছাঁট পছন্দ করি। সে (মিশেল) দেখতে সুন্দর। সে সবসময়ই দেখতে সুন্দর”।
সোমবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগের রাতে সমর্থকদের আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে ওবামা এ রসিকতা করেন। শুধু ওবামাই নন শপথ অনুষ্ঠানে পরে আসা মিশেলের পোশাক এবং ফ্যাশন নিয়ে অনেকেই অত্যন্ত কৌতূহলী ছিলেন। শপথ অনুষ্ঠানে ওবামা কি বলবেন তার চেয়েও অনেকের কাছেই বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মিশেল কি পরবেন সেটি।
