গাজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৪০
ইসরাইল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিদর্শন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে সাথে নিয়ে তার এই সফরকে তিনি মানবিক সফর বলে বর্ণনা করেছেন। এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গাজা সফরের সমালোচনা করেছেন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরের নিয়ন্ত্রণকারী দল ফাতাহ। গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে যৌথ সংবাদ সম্মেলনে নাজিব বলেন, আমি এসেছি ফিলিস্তিনি জনগণের প্রতি আমার সংহতি জানাতে। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের উপর যা হচ্ছে এবং সেখানে আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশের জন্য এটা একটা মানবিক সফর। ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ‘ফাতাহ’ আন্দোলনের প্রধান মাহমুদ আব্বাসের দপ্তর থেকে নাজিবের এই সফরের সমালোচনা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গাজা সফরকে প্রত্যাখ্যান করছে এবং নিন্দা জানাচ্ছে।