ধূমপান ছাড়লে লাভ অনেক

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫০
ধূমপান নিয়ে এবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা যৌথভাবে একটি দীর্ঘ গবেষণা করেছে। ৭ বছরব্যাপী এই গবেষণা রিপোর্টে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন ধূমপানের স্বাস্থ্যগত ক্ষতি এতটাই ব্যাপক যে, ধূমপানের ফলে অতিমূল্যবান জীবনের ১০টি বছর কেড়ে নেয়। অর্থাত্ বিশেষজ্ঞগণ বলছেন, ধূমপানে অন্তত ১০ বছর আয়ু কমে যায়। তবে বিশেষজ্ঞগণ একটি আশারবাণীও শুনিয়েছেন। রিপোর্টে উল্লেখ করা হয়, যদি ৪০ বছর বয়সের আগে ধূমপান ছেড়ে দেয়া যায় তবে ধূমপায়ীর শারীরিক অবস্থা আগের মতোই ফিরে যেতে পারে। এব্যাপারে সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্স-এর প্রধান ড. প্রভাত ঝার অভিমত : ধূমপান ছেড়ে দিলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে আগের মতো ফিটনেস ফিরে পাওয়া যায়। তিনি বলেন, যদি কেউ ৩০ বছর বয়সের আগে ধূমপান ছেড়ে দেয় তাদের অবস্থা এতটাই স্বাভাবিক হয় যে, মনে হয় না তারা কখনো ধূমপায়ী ছিলেন। ধূমপান ছাড়ার উপকারিতা নিয়ে সবচেয়ে ভালো খবর দিয়েছেন টরেন্টোর সেন্ট জোসেফ হেলথ সেন্টারের রেসপাইরেটারী মেডিসিন বিভাগের প্রধান ড. গ্রাহাম বারলিন। তার অভিমত : যাদের ফুসফুসের কার্যক্রম কমে গেছে তারা যদি ধূমপান ছেড়ে দেন তবে ফুসফুস অধিকতর ক্ষতি হতে রক্ষা পায়। পাশাপাশি ফুসফুসের কার্যকারিতার ক্ষতি বা লাঙ্গ ক্যাপাসিটির যতখানি অবনতি ঘটে ধূমপান ছেড়ে দিলে তার আবার উন্নতি হতে শুরু করে। তাই যে কোনো বয়সে ধূমপান ছাড়লে অবশ্যই ফুসফুস, হার্ট, মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি হ্রাস পায় এমন অভিমত গবেষকদের।