দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি উত্তর কোরিয়ার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা নতুন করে কঠোর করার পদক্ষেপে দক্ষিণ কোরিয়া যোগ দিলে তাদের ওপর হামলা চালানো হবে বলে শুক্রবার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এর মাত্র একদিন পরেই দক্ষিণ কোরিয়ায় হামলার নতুন হুমকি দেয়া হলো। এদিকে, উত্তর কোরিয়ার ব্যাপারে চীনের ধৈর্যচ্যুতি ঘটছে চীনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ধারণা করা হচ্ছে। সিউলকে হুমকি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, নিষেধাজ্ঞার মানে হল যুদ্ধ। তাই নিষেধাজ্ঞা ঘোষণা করা মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। উত্তর কোরিয়ার কোরিয়া বিষয়ক শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ কমিটি দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছে, জাতিসংঘ নিষেধাজ্ঞার পদক্ষেপে পুতুল রাষ্ট্রগুলো সরাসরি অংশ নিলে এর বিরুদ্ধে শক্তিপ্রয়োগে কঠোর পাল্টা পদক্ষেপ নেবে। এদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে হুঁশিয়ারি দেয়া হয়েছে, উত্তর কোরিয়া যদি তাদের ঘোষণা মতো তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালায়, তাহলে বেইজিং সেদেশে তাদের অনুদান ও সহায়তায় ছাঁটাই করবে। পত্রিকাটি বলেছে, কোরিয়া উপদ্বীপে চীন স্থিতিশীলতা বজায় রাখতে চায়। উত্তর কোরিয়া যদি তৃতীয় দফা পরমাণু পরীক্ষার দিকে অগ্রসর হয় তাহলে সেখানে চীনের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয়া হতে পারে। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। অর্থনৈতিক ও জ্বালানি সহায়তাসহ নানারকম সাহায্যের জন্য উত্তর কোরিয়া চীনের ওপর নির্ভরশীল।