মুম্বাই হামলার মূল হোতা পাকিস্তানী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলির শাস্তিতে খুশি নয় ভারত। অপরাধের তুলনায় তার সাজা যথেষ্ট নয় বলে ভারত ক্ষুব্ধ ও হতাশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ একথা স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছেন, ভারতে বিচার হলে অনেক কঠিন শাস্তি হতো হেডলির। ভারত এখনো হেডলির প্রত্যার্পণ চায়। ভারতে ফিরিয়ে দেয়ার ব্যাপারে চাপ অব্যাহত থাকবে।
পাকিস্তানি জঙ্গি গ্রুপ লস্কর-ই-তৈয়বার বিভিন্ন কাজে সহায়তা প্রদানের অভিযোগসহ ১২ ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয় ডেভিড কোলম্যান হেডলিকে। আদালত ৫২ বছর বয়সী এই আমেরিকান নাগরিককে ৩৫ বছরের সাজা দিয়েছে। ভারতে যেন তাকে প্রত্যর্পণ না করা হয় ও মৃত্যুদণ্ডে যেন দণ্ডিত না হন সে কারণে হেডলি এই হামলার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে নেয় এবং তদন্তের কাজে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দেয়। প্রাথমিক অবস্থায় অভিযোগ অস্বীকার করলেও পরে নিজে দোষ স্বীকার করে হেডলি। মুম্বাই শহরের কোন্ কোন্ জায়গা লক্ষ্য করে, কিভাবে হামলার পরিকল্পনা করা হয়েছিল সে ব্যাপারে তথ্য দেয় সে। তদন্তের কাজে সহায়তা করায় হেডলিকে প্রাণদণ্ড দেয়া হল না বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়।
২০০৮ সালে মুম্বাইয়ে ঘটে যাওয়া ঐ জঙ্গি হামলার ঘটনায় ১৬০জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
