পাকিস্তানে তালেবান-মিলিশিয়া লড়াইয়ে নিহত ৩১

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এলাকার ময়দান তিরাহে তালেবান-মিলিশিয়া লড়াইয়ে ৩১ জন নিহত হয়েছে। পেশোয়ার থেকে আফগানিস্তান যাওয়ার পথে পর্বতসঙ্কুল এ এলাকাটি পড়ে। মর্টার ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপের মধ্যদিয়ে প্রায় ৩শ’ তালেবান মধ্যরাতে হামলা শুরু করে বলে সরকার সমর্থক মিলিশিয়া গোষ্ঠি আনসার উল ইসলামের এক সদস্য জানান। কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ের পর তালেবানদের হটিয়ে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, লড়াইয়ে তালেবান পক্ষের ১৫ জন নিহত হয়েছে ও ৮ জনকে বন্দী করা হয়েছে। এছাড়া গোলগুলির মধ্যে পড়ে এক বৃদ্ধাসহ ৩ গ্রামবাসীও নিহত হয়েছেন বলে তিনি জানান। অপরদিকে লড়াইয়ে আনসার উল ইসলামের ১৩ সদস্যকে হত্যা করার দাবি জানিয়েছেন এক তালেবান যোদ্ধা। ২০০৯ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনী ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীগুলো তালেবানকে হটিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত এলাকাগুলো পুনর্দখল করতে শুরু করে। তার আগে এসব এলাকায় পাকিস্তানী তালেবানের একচ্ছত্র আধিপত্য ছিল। এদিকে আফগানিস্তানের কুন্দুজে আত্মঘাতী বোমা হামলায় শহরের সন্ত্রাস প্রতিরোধ পুলিশবাহিনীর প্রধান এবং ট্রাফিক পুলিশের প্রধানসহ ১০ জন নিহত হয়েছেন। কুন্দুজ পুলিশের মুখপাত্র শনিবার জানান, স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ হামলা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ও ৫ পুলিশ সদস্য রয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গিরা সাধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।