মাত্র সপ্তাহখানেক হলো টুইটার চালু করেছে ভিডিও ক্লিপ শেয়ারিংয়ের অ্যাপ্লিকেশন ভাইন। আইফোন এবং আইপড টাচ থেকে ভিডিও ক্লিপ শেয়ারের সুযোগ করে দিতেই এই অ্যাপ্লিকেশনটি চালু করেছে টুইটার। একে বলা হচ্ছিল ভিডিও শেয়ারিংয়ের ইন্সট্যাগ্রাম। এর সীমাবদ্ধতা ছিল একটিই—এতে শেয়ার করা ভিডিও ক্লিপের দৈর্ঘ্য ছিল মাত্র ৬ সেকেন্ড। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও শুরু থেকেই সাড়া ফেলতে সক্ষম হয় ভাইন। তবে সাড়া ফেললেও বিতর্কের মুখে পড়েছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন। ভাইনে যেসব ভিডিও আপলোড করা হচ্ছে শুরু থেকেই, তার মধ্যে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফিক উপাদান পাওয়া যাচ্ছে। পর্ন, সেক্স এবং সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ব্যবহার করে ভাইনে সার্চ করলেই মিলছে সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস। ভাইনের নীতিমালায় অবশ্য যৌনসংশ্লিষ্ট ভিডিও আপলোডের বিষয়ে বিশেষভাবে কড়াকড়ি নেই। তবে ভাইনের ভিডিওগুলো সকলেই দেখতে পাবে বলে এতে এমন কোনো ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছে টুইটার, যেসব ভিডিও সচরাচর অন্যদের সাথে শেয়ার করা উচিত নয়। পর্ননির্ভর ভিডিও ক্লিপ পাওয়ার পর অবশ্য সেগুলোকে সরিয়ে ফেলছে ভাইন এবং যারা এসব ভিডিও আপলোড করবে, তাদেরও নিষিদ্ধ করবে বলেই জানিয়েছে ভাইন কর্তৃপক্ষ।
