ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন রনবির
বর্তমানে অভিনাভ কাশ্যপের বেশরম চলচ্চিত্রে কাজ করছেন রনবির। চলতি বছরের এপ্রিলে তাকে অতিথি হিসেবে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো হয়। বলিউডের তরুণ নিখুঁত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় রনবিরকে। তার শেষ দুটো ছবি রকস্টার ও বারফির কল্যাণে ইতোমধ্যেই বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারসহ সুধী মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হন তিনি। রয়টার্স
পাঞ্জাব ভেঙে নতুন প্রদেশ
পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় তিনটি বিভাগ বাহওয়ালপুর, মুলতান ও ডেরা গাজি খান এবং পশ্চিমাঞ্চলীয় দু’টি জেলা বাক্কার ও মিনাওয়ালি নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হচ্ছে। নতুন প্রদেশটি গঠিত হলে পাকিস্তানের জাতীয় পরিষদে পাঞ্জাব প্রদেশের প্রতিনিধির সংখ্যা ১৮৩ থেকে কমে ১২৪ জন হবে। দ্যা ডন
লন্ডনেও গণধর্ষণের প্রতিবাদ
দিল্লি গণধর্ষণকাণ্ডের উত্তাপ আছড়ে পড়ল সুদূর লন্ডনে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার লন্ডনের ভারতীয় হাইকমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিল সাউথহল ব্লাক সিস্টার এবং সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপের সদস্যরাও। ধর্ষণবিরোধী স্লোগান, হাতে প্রতিবাদের অস্ত্রস্বরূপ নানা প্লাকার্ড—এই নিয়েই হাইকমিশনের দপ্তরের চত্বর শনিবার ডুবেছিল আন্দোলনে। সর্বত্রই প্রতিবাদের এক সুর, ‘ধর্ষণকারীদের ফাঁসি চাই।’ বর্তমান পত্রিকা
টিম্বাকটুতে পৌঁছেছে ফরাসি-মালি সেনারা
ফরাসি-মালি সেনারা টিম্বাকটুর প্রবেশপথে পৌঁছেছে বলে রবিবার জানিয়েছে মালির এক সামরিক সূত্র। তবে টিম্বাকটুতে বিদ্রোহীদের কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো প্রতিরোধের মুখে পড়েনি। সূত্র জানায়, অগ্রসর হওয়ার পথে সেনারা শহরটিতে ঢোকার আগে পর্যাপ্ত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কলাকৌশল ঠিক করে নেয়ার জন্য বাইরে কয়েকটি জায়গায় অবস্থান নিয়েছে। রয়টার্স
