মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ নিউভো লিও’র নিকটে একটি কূপ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যান্ডদলের সোমবার ১২ সদস্যের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে কলাম্বিয়া স্টাইল ব্যান্ডদল নিখোঁজ হয়।
প্রদেশটির ছোট শহর মিনার একটি রাস্তায় এদিন বিকালে পুলিশ লাশগুলো খুঁজে পায়। ব্যান্ডদল কোমো কলাম্বিয়ার ২০ জন সদস্য এবং ক্রু নিখোঁজ হলে পুলিশ এই এলাকায় তল্লাশি শুরু করে। দলটির বেঁচে যাওয়া এক সদস্যের বরাত দিয়ে প্রদেশটির এক মুখপাত্র জানায়, আততায়ীরা তাদের আক্রমণ করে চোখ বেঁধে একটি দুর্গন্ধময় রাস্তার দিকে নিয়ে যায়। তাদের উপর গুলি চালানো হয় এবং একটি কূপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়া হয়।
