এইচপি বাজারে এনেছে নতুন এইচপি এলিট প্যাড ৯০০। এন্টারপ্রাইজ-গ্রেড বৈশিষ্ট্য, দক্ষ কার্যকারিতা ও কারিগরি নৈপুণ্যের সমন্বিত প্রয়াসে তৈরি হয়েছে এই আকর্ষণীয় ডিজাইনের বিশেষায়িত ট্যাবলেট পিসি। ব্যবসায়িক ও প্রশাসনিক কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা সুদৃশ্য এই ট্যাবলেটে রয়েছে অপশনাল এইচপি এলিট প্যাড স্মার্ট জ্যাকেটস, যা ব্যবহারকারীকে দেবে কানেক্টিভিটি অপশন। এর বাড়তি আল্ট্রাস্লিম ব্যাটারি রানটাইম বাড়িয়ে দেয় কয়েকগুণ। সাথে আরও থাকছে বিভিন্ন ধরনের অ্যাড-অনস। আল্ট্রা থিন, হালকা ওজনের এইচপি এলিট প্যাড ট্যাবলেট উইন্ডোজ ৮-এর উপযোগী করে তৈরি করা হয়েছে। এ ছাড়া পানি, ধুলোবালি, ঝাঁকুনি, চরম তাপমাত্রা ও উচ্চতাজনিত তারতম্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এতে আছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সিস্টেম। ‘কী কেনা হবে—এই প্রশ্নটি ব্যবসার ক্ষেত্রে ইদানীং একটি বড় বিষয় হয়ে দেখা দিয়েছে। কোন পণ্যটি কর্মীদের সহজে কাজ করার স্বাচ্ছন্দ্য দেওয়ার সাথে সাথে তাদের অধিকতর উত্পাদনক্ষম করে তুলবে, আবার একইসাথে সুরক্ষা ও ব্যবস্থাপনার বিষয়টিও নিশ্চিত করবে—এমন পণ্য উদ্ভাবনই ছিল চ্যালেঞ্জ।’, বলছিলেন এইচপি এইসি-এর প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেমসের ক্যাটাগরি ম্যানেজার ক্রিশ্চিয়ান এডমন্ড রেইস। ‘এইচপি এলিট প্যাড এই সবগুলো প্রয়োজন মেটাতে সক্ষম। স্টাইল আর প্রয়োজনের অনন্য সমন্বয়ের মাধ্যমে এইচপি এলিট প্যাড পূরণ করবে তথ্যপ্রযুক্তির হালনাগাদ চাহিদা।’ এইচপি এলিট প্যাডে থাকছে ১০.১” পর্দা। এর ওজন ৬৮০ গ্রাম আর পুরুত্ব ৯.২ মিলিমিটার। এর ১৬ বাই ১০ অনুপাত নিশ্চিত করে সর্বোচ্চমানের ডিসপ্লে যা ব্যবসায়িক উপস্থাপনার পাশাপাশি ভিডিও কন্টেন্ট দেখতেও সাহায্য করে। রয়েছে সিএনসি-মেশিনড অ্যালুমিনিয়াম ও কর্নিং গোরিলা গ্লাস ২। টাচ, পেন দু’ধরনের ইনপুটের সাথেই এটি কার্যক্ষম। এ ছাড়া এইচপি এলিট প্যাড শক্তি সাশ্রয়ী ও এর স্মার্টফোন স্টাইল সুপরিচিত উইন্ডোজ অ্যাপ্লিকেশনের সাথে যেমন মানানসই, তেমনি বিদ্যমান তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাতেও কার্যকর। অপশনাল এইচপি স্মার্ট জ্যাকেটসের অনন্য উত্পাদনক্ষমতা বৃদ্ধিকারী ইকোসিস্টেম ও এইচপি এলিট প্যাডের জন্য বিশেষভাবে ডিজাইন করা বাড়তি অ্যাক্সেসরিজ এই ট্যাবলেটের আভ্যন্তরীণ ক্ষমতা বাড়িয়ে এটিকে সম্পূর্ণ এন্টারপ্রাইজ সলিউশনে রূপান্তরিত করতে সাহায্য করে। উল্লেখ্য, এইচপি এলিট প্যাড প্রডাক্টিভিটি জ্যাকেটে রয়েছে একটি ইন্টিগ্রেটেড কিবোর্ড, বিভিন্ন ধরনের কানেক্টিভিটি পোর্ট, এসডি কার্ড রিডার ও পরিপূর্ণ কম্পিউটিং অভিজ্ঞতার জন্য নিয়ন্ত্রণযোগ্য ভিউয়িং অ্যাঙ্গেল।
