ভারতে সুখে ও নিরাপদে আছি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪০
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলিউডের সুপারস্টার শাহরুখ খান বলেছেন, তিনি ভারতে অত্যন্ত সুখে ও নিরাপদে আছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে ্্্্ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে শাহরুখের নিরাপত্তার ব্যাপারে উপদেশ দেন রেহমান মালিক। মুসলমান হিসেবে যে সমস্যাগুলোতে মাঝে মাঝে পড়তে হয় সে সম্পর্কে একটি লেখা প্রকাশিত হয় সম্প্রতি শাহরুখের। পরে রেহমান মালিক মন্তব্য করেন, শাহরুখ খান ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি ভারতে্ই থাকবেন। আমি ভারত সরকারকে অনুরোধ করব দয়া করে তাকে নিরাপত্তা দিন। গত মঙ্গলবার মালিকের বক্তব্যের কড়া জবাব দেয় নয়াদিল্লি । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম, পাকিস্তানের উচিত নিজেদের নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা করা। শাহরুখ খান বলেন, লেখাটির ভুল মানে করা হয়েছে। যারা অযাচিত উপদেশ দেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা ভারতে অত্যন্ত নিরাপদে এবং সুখে-শান্তিতে আছি। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক, মুক্ত ও অসাম্প্রদায়িক সমাজে বাস করি। যান মালের নিরাপত্তার ব্যাপারে আমাদের উদ্বিগ্ন থাকতে হয় না। তিনি বলেন, অনেকেই তার লেখা না পড়েই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লেখাটিতে আমি বলতে চেয়েছিলাম একজন মুসলিম চিত্রতারকা হিসেবে অনেক ছোটমনের মানুষ আমাকে হীনস্বার্থে ব্যবহার করতে চেয়েছে। তারা ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার করতে চায়। দুর্ভাগ্যবশত এই লেখাটির পরেও একই ঘটনা ঘটেছে।