সংবাদ কণিকা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
মালালার শেষ অস্ত্রোপচার মাথার খুলিতে চূড়ান্ত অস্ত্রোপচার হবে মালালার। ১৫ বছরের পাকিস্তানী কিশোরী মাথায় তালেবানের গুলি খাওয়ার পর অবিশ্বাস্যভাবে সেরে উঠেছেন। তাকে প্রথম দফায় চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়েছে। তবে তার চিকিত্সার শেষপর্ব এখনো বাকি বলে জানিয়েছেন চিকিত্সকরা। সেটি হল তার খুলিতে একটি শেষবারের মতো অস্ত্রোপচার। কারণ তার করোটির একটি অংশ এখন ফাঁকা হয়ে আছে। বার্মিংহ্যামের কুইন এলিজাবেথ হাসপাতালের শলাবিদরা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই এই অস্ত্রোপচার করা হবে। -পিটিআই নেপালে মে মাসে নির্বাচন নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই চলতি বছরের মে মাসে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের মাধ্যমেই নেপালের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে পারে বলে তিনি মনে করছেন। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দলীয় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। একদশক ধরে গৃহযুদ্ধ চলার পর স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে মাওবাদীরা। ফিরে আসার পর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভও করে। কিন্তু মাওবাদী সরকারের সঙ্গে নেপালের সংবিধান প্রশ্নে বিরোধী দলগুলোর সৃষ্ট দ্বিমতে দেশজুড়ে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। সমাবেশে প্রায় ১০ হাজার মাওবাদী কর্মী-সমর্থক উপস্থিত ছিল। উত্ফুল্ল এই সমর্থকদের সামনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী বাবুরাম নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, মে মাসের মধ্যে নির্বাচন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর কোনো বিকল্প নেই। -রয়টার্স জিম্বাবুয়ের রাষ্ট্রীয় কোষাগারে জমা ২১৭ ডলার জিম্বাবুয়ে সরকারি কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধের পর রাষ্ট্রীয় কোষাগারে মাত্র দু’শ ১৭ ডলার জমা রয়েছে। দেশটির অর্থমন্ত্রী টেনডাই বিটি এ কথা জানান। অর্থমন্ত্রী রাজধানীর হারারে মঙ্গলবার সাংবাদিকদের জানান, গত সপ্তাহে সরকারি কর্মচারিদের বেতন পরিশোধের পর রাষ্ট্রীয় অর্থভান্ডারে মাত্র দু’শ ১৭ ডলার জমা রয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় অর্থনীতির এ অবস্থার কারণে আমরা এ মুহূর্তে আমাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছি’। এ মুহূর্তে বিনিয়োকারীদের আস্থা অর্জন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের আমন্ত্রণ জানানো হবে। এদিকে জিম্বাবুয়ে সরকারের এ বছর সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য গণভোট করা প্রয়োজন হলেও তহবিলের অভাবে তা ব্যর্থ হতে পারে। কারণ দেশটির নির্বাচন সংস্থা ঐ নির্বাচনের জন্য ১০৪ মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে। -আল জাজিরা অ্যারিজোনায় অস্ত্রধারীর গুলিতে নিহত-১ বুধবার সকালে অ্যারিজোনায় স্থানীয় একটি ভবনে আইনি মধ্যস্থতার বিষয়ে একটি সভায় অস্ত্রধারীর গুলিতে ১ জন নিহত হয়েছে। ফিনিক্সের পুলিশ সার্জেন্ট টমি থম্পসন জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ৭০ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন তিনি। ঐ ব্যক্তির গুলিতে ৪৮ বছর বয়সী স্টিভ সিঙ্গার নামে এক ব্যক্তি নিহত হন। অপর আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর। তৃতীয় ৩২ বছর বয়সী আহত এক নারী এখন শঙ্কামুক্ত। ঐ ব্যক্তি আইনি সমঝোতা বিষয়ক বেশকিছু ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সংবাদ সম্মেলনে থম্পসন এসব কথা বলেন। থম্পসন জানান, ঐ বৈঠকের পর হারমন নামের ঐ ব্যক্তি দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। তখনই একপর্যায়ে সে ঐ দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। -রয়টার্স