আইনের শাসনের পথেই রয়েছে মিসর :মুরসি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মিসর আইনের শাসনের পথেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। সঙ্কট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের আহবানের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন। এদিকে, মিসরের প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতা মোহম্মদ এল-বারাদি প্রেসিডেন্ট মুরসির প্রতি জরুরিভিত্তিতে সংলাপে বসার আহবান জানিয়েছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বুধবার জার্মানি সফরে যান। ধারণা করা হচ্ছে, মুরসি তার সাফল্য তুলে ধরে ইউরোপকে নমনীয় করার চেষ্টায় এ সফরে গিয়েছিলেন। কিন্তু দেশে অস্থিরতার কারণে মাত্র কয়েক ঘন্টার এ সফর করেন তিনি। সফরকালে মুরসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, আমাদের জন্য যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সংলাপের পথ। মিশরে সব রাজনৈতিক দলের কাছেই আলোচনার দরজা সবসময়ই খোলা; যাতে বিভিন্ন রাজনৈতিক দল অবদান রাখতে পারে, দেশের মানবাধিকারও অক্ষুণ্ন থাকে আর ধর্মীয় স্বাধীনতাও চর্চা হয়। মার্কেলের এ আহবানের জবাবে মুরসি বলেন, সংলাপে বসা সম্ভব এবং মিশরকে সামরিক শাসন কিংবা ধর্মীয় নেতাদের শাসন নয়, বরং আইনের শাসন ভিত্তিক রাষ্ট্র করে গড়ে তোলা হবে। বার্লিন সফরকালে সাংবাদিকদের মুরসি বলেন, মিশর একটি আধুনিক বেসামরিক রাষ্ট্রের কর্মকাঠামো নিয়ে সুশাসন এবং আইনের শাসন ভিত্তিক দেশ হওয়ার পথেই রয়েছে। এদিকে, মিসরের প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতা মোহম্মদ এল-বারাদি প্রেসিডেন্ট মুরসির প্রতি জরুরি ভিত্তিতে সংলাপে বসার আহবান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এল-বারাদি বলেছেন, সহিংস কর্মকান্ড থেকে বেরিয়ে আসার জন্য আমি প্রেসিডেন্ট মুরসি, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি এবং সালাফিস্ট পার্টিকে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের সাথে জরুরি ভিত্তিতে সংলাপে বসার আহবান জানাই।