পরমাণু কর্মসূচি জোরদার করবে ইরান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৪
বিশ্বের শক্তিধর দেশগুলোর আপত্তি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য আরো আধুনিক যন্ত্র সেন্ট্রিফিউজ ব্যবহারের পরিকল্পনা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) চিঠি দিয়ে জানিয়েছে ইরান। ২৩ জানুয়ারি আইএইএ’কে পাঠানো ওই চিঠিতে ইরান বলেছে, নাতাঞ্জ শহরের কাছে প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় তারা নতুন আধুনিক ওই সমস্ত সেন্ট্রিফিউজ কাজে লাগাবে। কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। এর ফলে ইরান আরো দ্রুত হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে উঠবে পশ্চিমা বিশ্ব। ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর ধারণা এর আড়ালে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। আইএইএ কে দেয়া চিঠিতে ইরান ‘আইআর-২এম’ মডেলের সেন্ট্রিফিউজ ব্যবহারের কথা উল্লেখ করেছে। এ মডেলের সেন্ট্রিফিউজে তেহরানে বর্তমানে পরমাণু জ্বালানি তৈরির জন্য ব্যবহূত সেন্ট্রিফিউজগুলোর চেয়ে ২/৩ গুণ বেশি দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব।