ইরাকে সুন্নিদের ওপর চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগে শিয়া সরকারের বিরোধিতা করে গতকাল শনিবার বিক্ষোভ করেছে আনবার প্রদেশের লাখো লাখো সুন্নি। এদিকে গত শক্রবার ফাল্লুজায় বিক্ষোভকালে সরকারি বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছে।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় একই অভিযোগে দেশটির প্রাদেশিক রাজধানী রামাদি ও ফাল্লুজায় ব্যাপকভাবে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভকারীরা। এদিন ফাল্লুজায় সরকারি অনুগত বাহিনী ও তাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়। এ প্রেক্ষিতে ফাল্লুজায় উপজাতীয় নেতারা এবং রাজনৈতিক কর্মীরা সংহতি প্রকাশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এ সময় হাজার হাজার বিক্ষোভকারী নিহতদের ছবি নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায় এবং সরকারবিরোধী শ্লোগান দেয়। এছাড়া রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলের মসুল এবং মধ্যাঞ্চলীয় শহর সামারায়ও প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ওদিকে সরকার সুন্নিদের লক্ষ্য করে সন্ত্রাসবিরোধী আইন এবং অন্যান্য নীতি গ্রহণ করেছে বলে বিক্ষোভকারীরা আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। মূলত গত ডিসেম্বরে অর্থমন্ত্রী রাফিয়া আল ইসাবির দেহরক্ষীকে গ্রেফতার করার পর সরকারবিরোধী এ বিক্ষোভ স্ফুলিঙ্গ তৈরি করে। ঐ দেহরক্ষী একজন সুন্নি ছিলেন। বেশিরভাগ সুন্নি মনে করে মালিকি সরকার তাদের প্রতি অবহেলিত দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছে। এছাড়া তাদের অনেকেই বেকার এবং জেলে জীবনযাপন করছে। অন্যদিকে এ কারণে স্বভাবতই চাপে রয়েছে প্রধানমন্ত্রী মালিকি। এদিকে এমন উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবন্দীদের মুক্তিসহ কিছু সুযোগ-সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। কিন্তু গত শুক্রবার ফাল্লুজায় নিহতের ঘটনায় বিক্ষোভকারীরা যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা বলেছে, সেনাবাহিনী যা করেছে তা আমরা কখনোই ভুলতে পারবো না। সেনাদের এ এলাকা ছেড়ে যাওয়া উচিত। আর এটাই আমাদের এখন নতুন দাবি। এদিকে সাদ্দাম হোসেনের নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির প্রচারণা সহজতর করতে এবং রাজবন্দীদের ক্ষমা সংক্রান্ত আইনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারীদের সাথে আলোচনার জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী। এদিকে দেশটিতে শুক্রবার আল-কায়েদা অনুমোদিত একটি সংগঠন ওয়েবসাইটে দেয়া এক বার্তায় সরকারের বিরুদ্ধে সুন্নিদের অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের এ প্রতিবাদে কোন গ্রুপের সংশ্লিষ্টতা নেই। শান্তিপূর্ণ বিক্ষোভ করাই তাদের একমাত্র লক্ষ্য।
