ধেয়ে আসছে গ্রহাণু
আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার মাঝরাতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক প্রকাণ্ড গ্রহাণু। ঐ গ্রহাণু রাত প্রায় ১২টা ৫৫ মিনিটে পৃথিবীর একদম কাছাকাছি চলে আসবে। তবে পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে চলে গেলেও পৃথিবীকে ধাক্কা মারা বা আছড়ে পড়ার কোন আশংকা নেই। তবে পৃথিবীর বাইরে মহাকাশে অনবরত ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহগুলোকে এই গ্রহাণুটি যে ধাক্কা মারবে না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহাণুটি পৃথিবীর যখন সবচেয়ে কাছ দিয়ে যাবে তখন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে এর দূরত্ব হবে মাত্র ৩৪ হাজার একশ কিলোমিটার। —বর্তমান পত্রিকা
পাইলট অজ্ঞান
বিমানচালক অজ্ঞান হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হলো আলাস্কা এয়ার লাইন্সের একটি বিমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমানটি লস এঞ্জেলস থেকে যাত্রা শুরু করে। রাত সাড়ে নয়টা নাগাদ বিমানটি সিয়াটেলে অবতরণ করার কথা ছিল। কিন্তু মাঝপথে পাইলট অজ্ঞান হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে রাত ৯টায় বিমানটি পোর্টল্যান্ড বিমানবন্দরে নামাতে বাধ্য হন সহকারী পাইলট। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১১৬ জন যাত্রী ছিলেন। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানটি অবতরণের পর ঐ পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। —এপি
ভারতের বইমেলায় পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত
ভারতের দিল্লিতে আন্তর্জাতিক বইমেলায় পাকিস্তানের প্রকাশকদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের সম্পর্কের অবনতির কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণ করা হচ্ছে। বইমেলার অন্যতম আয়োজক ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি) জানায়, অন্যান্য দেশের প্রকাশকদের নিয়ে সংশ্লিষ্ট সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এসে গেছে। কিন্তু পাকিস্তানের প্রতিনিধিদের ঐ বইমেলায় আসা নিয়ে কোন তথ্য এখনো পাওয়া যায়নি। সংস্থার এক কর্মকর্তা জানান, সম্ভবত সাম্প্রতিক উত্তেজনার কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানের প্রকাশকদের। এবার ১৫টি সংস্থা বইমেলায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছিল। —আনন্দ বাজার পত্রিকা
তাইওয়ানে ভূমিকম্প
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের অদূরে শনিবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাইওয়ানের ভূ-তাত্ত্বিক বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩৯ মিনিটে তাইওয়ানের পূর্ব উপকূলে অবস্থিত হুয়ালিয়েনের ৪৬ দশমিক ৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১৬ দশমিক ৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে দ্বীপটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২ হাজার চারশ লোক প্রাণ হারায়। —এএফপি
