ইসরাইলের বসতি স্থাপন বন্ধ করতে হবে :জাতিসংঘ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩১
ইসরাইলকে ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধ করার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বসতি থেকে ইহুদিদের সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারিরা। তারা বলেন, এসব কার্যক্রমের ফলে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত দলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪র্থ জেনেভা কনভেনশনের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, ইসরাইলকে কোন রকম পূর্বশর্ত ছাড়াই সব রকমের বসতিস্থাপন কর্মসূচি বন্ধ করতে হবে। একইসঙ্গে তাদেরকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে অবিলম্বে বসতি গেড়ে বসা ইসরাইলীদের সরিয়ে নিতে হবে। ১৯৪৯ সালের ঐ জেনেভা কনভেনশনে অধিকৃত অঞ্চলে বেসামরিক নাগরিক পাঠানো নিষিদ্ধ করা হয়েছিল। ফলে ইসরাইল সেখানে ইহুদি বসতি গড়ে এ আইন লঙ্ঘন করছে। এ তত্পরতা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এর বিচারও হতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে। এতে আরো বলা হয়, নতুন করে বসতি স্থাপনের ফলে সেখান থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেয়া হয়েছে, তাদের ফসল ও সম্পদ ধ্বংস করা হয়েছে, পরিস্থিতি সহিংসতার দিকে গড়িয়েছে। জাতিসংঘের তদন্ত দলকে ইসরাইল সহযোগিতা করেনি বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়।