আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি অবনতির আশঙ্কা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি এখনো খারাপ। আগামী বছর ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে বিদায় নিলে এর আরো অবনতি ঘটতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক এক বৈশ্বিক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, ‘আফগানিস্তানে দীর্ঘ ১১ বছরের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমেই ঝিমিয়ে পড়তে থাকায় যুদ্ধবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও মানবাধিকার লঙ্ঘনকারী অন্যান্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের ওপর চাপ কমে গেছে।’ ফলে আফগানিস্তানে আগামী দিনগুলোতে মানবাধিকারের সুরক্ষার বিষয়টি নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে বলে জানান এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ব্রাড অ্যাডামস। ‘দুর্নীতি, আইনের শাসনের অভাব, সরকার পরিচালনায় দুর্বলতা, সহিংস নীতি প্রভৃতি নানা কারণে দেশটিতে নাগরিকদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক’ বলেন অ্যাডামস।