ব্রণ চিকিত্সার ওষুধ থেকে মৃত্যু!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ডায়ান-৩৫ নামের একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ৪ জনের মৃত্যু ঘটেছে গত ২৫ বছরে। সংখ্যার বিচারে এই মৃত্যু খুব একটা বেশি না হলেও এতেই বিশ্বের বিভিন্ন দেশে তোলপাড়। ইতিমধ্যে ফ্রান্সে ওষুধটি বাতিল করা হয়েছে। কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হেল্থ কানাডা ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নতুন মূল্যায়ন শুরু করেছে। মূলত ব্রণ বা একনির জন্য ওষুধটি উত্পাদন করা হলেও মুখে খাবার জন্ম নিরোধক হিসাবেও ওষুধটি বহুল ব্যবহূত হয়। ওষুধটির উত্পাদক কোম্পানি বায়ার আগামী ৩ মাসের মধ্যে বিশ্বের ১৩৫টি দেশ থেকে ওষুধটি প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডায়ান-৩৫ নামের ওষুধটির ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লট হবার সম্ভাবনা থাকে। তাই এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ওষুধটি প্রত্যাহার করা হচ্ছে। একটি ওষুধে ২৫ বছরে ৪ জনের মৃত্যু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তেমন কোন নিউজ নয়, এমন মন্তব্য অনেকেই করতে পারেন। কিন্তু সবার মনে থাকার কথা, প্যারাসিটামলসহ বিভিন্ন ওষুধে এদেশে কয়েকশ শিশুর মৃত্যু হলেও আমাদের স্বাস্থ্য বিভাগের ঘুম ভাঙেনি। এমনকি শত শত শিশুর প্রাণঘাতী সেসব ভেজাল ও নিম্নমানের প্যারাসিটামল উত্পাদক কোম্পানিরও কোন বিচার হয়নি। উল্লেখ্য, বাংলাদেশেও ডায়ান ৩৫ নামের এই ঝুঁকিপূর্ণ ওষুধটির বহুল ব্যবহার হয়ে থাকে। হরমোন, স্ত্রীরোগ ও চর্মরোগ বিশেষজ্ঞগণ এই ওষুধটি সেবনের পরামর্শ দেন।