ভিড়ে ঠাসা কলকাতার মেট্রোর পাতাল রেল কামরায় এক তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করছিল দুই যুবক। হঠাত্ পাশ থেকে জনাতিনেক মহিলা কলার চেপে ধরলেন ওই দুজনের। শুধু তাই নয়, পরের স্টেশন আসতেই টানতে টানতে নামিয়ে নিয়ে গেলেন ওই দুজনকে। পরে জানা গেল, ওই তিনজন মহিলা সাদা পোশাকের পুলিশ। —খবর আনন্দবাজার পত্রিকার
মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিককালে মেট্রোয় চলাফেরার পথে এমনটা প্রায়ই দেখা যাচ্ছে। ঘটনাচক্রে শুক্রবার সন্ধ্যায় গিরিশ পার্ক স্টেশনে এক মহিলার চিত্কার শুনে ইভটিজার ধরেছেন আপিএ জওয়ানরা। মেট্রো রেল সূত্রের খবর, ভিড়ে ঠাসা ট্রেনে প্রায়ই নানা ধরনের হয়রানির শিকার হতে হয় মহিলাদের। কখনও কটূক্তি বা কুপ্রস্তাব, কখনও বা শরীরে হাত দেয়ার মতো ঘটনাও ঘটে। এর আগে এমন অভিযোগ মিললেও এতটা তত্পর হননি মেট্রোর কর্মকর্তারা। তা হলে এখন হঠাত্ তত্পরতা কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে।
মেট্রোর একটি সূত্রের ব্যাখ্যা, সম্প্রতি দিল্লিতে বাসে ধর্ষণ ঘটনার পর কলকাতাতেও মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রেনে এখন মোতায়েন থাকছে আরপিএফের মহিলা বাহিনীর বিশেষ দল। প্রতিটি দলে একজন মহিলা এএসআইসহ ১০ জন জওয়ান থাকবেন। গোটা ট্রেনের বিভিন্ন কামরায় ছড়িয়ে থাকবেন তারা। শুধু তা-ই নয়, অভিযোগ জানাতে হেল্পলাইনও চালু করা হয়েছে।
