সার্চ ইঞ্জিন দিয়ে যাত্রা শুরু হলেও গুগল এখন প্রযুক্তি বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। অনলাইনে নানা ধরনের সেবা প্রদান ছাড়াও তারা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার অ্যাপ্লিকেশনেও প্রবেশ করেছে। নেক্সাস সিরিজের স্মার্টফোন আর ট্যাবলেট পিসি দিয়ে হার্ডওয়্যারেও প্রবেশ করেছে ইতোমধ্যেই। এদিকে তাদের উদ্ভাবিত ক্রোম অপারেটিং সিস্টেম দিয়ে ক্রোমবুকও তৈরি করিয়েছে স্যামসাংসহ বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠানকে দিয়ে। তবে এবারে নিজেরাই এই ক্রোমবুক বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করেছে গুগল। সম্প্রতি গুগল’র একজন ডেভেলপার ফ্র্যাংকয়েস বিউফোর্ট একটি পোস্ট প্রদান করেন এক ব্লগে যাতে প্রমাণ মেলে গুগল’র উদ্ভাবিত ‘লাইটবার স্কিম’ নামের একটি ফিচারের। এখনকার কোনো ক্রোমবুকেই এই ফিচারটি নেই। ধারণা করা হচ্ছে, গুগল নিজেই ‘পিক্সেল’ নামের একটি ক্রোমবুক ডিজাইন করেছে, যাতে এই ফিচারটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। অস্ট্রেলিয়ার নিউজ ডটকম ডটএইউ-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
