নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য নতুন অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বসানো শুরু করেছে বলে বুধবার জানিয়েছে ইরান। এ ঘোষণায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির চেষ্টায় জটিলতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। সামরিক উদ্দেশ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে কাজে লাগানো নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক অবসানে জাতিসংঘের তদন্ত দল এখন তেহরান অবস্থান করছে। এরই মাঝে ইরান নতুন সেন্টিফিউজ বসানোর এ ঘোষণা দিল। এর আগে ইরান এক ঘোষণায় আইএইএ কে জানিয়েছিল, দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য তারা নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নতুন আইআরটু-এম মডেলের বেশ কিছু সেন্ট্রিফিউজ বসাবে। আর এখন সে কাজই শুরু হয়েছে বলে জানাল তেহরান। ইরানের সংবাদ মাধ্যম ‘ইরানিয়ান স্টুডেন্টস’ নিউজ এজেন্সিকে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান ফারেদুয়ান আব্বাসী দাবানি বলেন, “গত মাস থেকে নতুন প্রজন্মের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে।” ইরানের এ পদক্ষেপে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরো একধাপ এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা পশ্চিমা বিশ্বের। অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে ইরান পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমারা। নতুন প্রকল্পটি সফল হলে ইরান বর্তমান সময়ের তুলনায় কয়েকগুণ বেশি দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। ইরানকে সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে বিশ্বশক্তিগুলো দেশটির উপর অবরোধ আরোপ করেছে। তবে ইরান তাদের এ কর্মসূচিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করছে বলে দাবি করে আসছে। ২৬ ফেব্রুয়ারিতে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে।