পাকিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্তির আবেদন খারিজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৮
পাকিস্তানের সর্বোচ্চ আদালত বুধবার সে দেশের নির্বাচন কমিশন বিলুপ্তির একটি আবেদন খারিজ করে দিয়েছে। ধর্মীয় নেতা তাহির-উল কাদরি এ আবেদন করেছিলেন। এর ফলে দেশটি ঐতিহাসিক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দিকে একধাপ এগিয়ে গেল। নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও আগামী মে মাসের মাঝামাঝি এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন সরকার তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে যাচ্ছে। সরকার ও বিরোধী দল প্রকাশ্যে এ বিষয়ে একমত যে নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ে হতে হবে। তবে রাজনীতিবিদরা নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করায় নির্বাচন বিলম্বিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সমালোচকরা সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে সুপ্রিম কোর্ট তাহির-উল কাদরির আবেদন গ্রহণ করলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরো অনিশ্চয়তা তৈরি হতো। নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের পক্ষে সমর্থন জোরালো করার মাধ্যমে তাহির-উল কাদরি রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।