রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তিন কোটি টাকার ভারতীয় কাপড়সহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন:সাজ্জাদুর রহমান (৩২) ও ইস্রাফিল (২২)। পুলিশ বলছে, তারা ভারত থেকে অবৈধভাবে কাপড় এনে ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করতেন। গোয়েন্দা পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী ওভার ব্রিজের পূর্বপাশে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাজ্জাদুর রহমান ও ইস্রাফিলসহ একটি ট্রাক আটক করে ডিবি। ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ভারতীয় ২১৯৮ পিস থান কাপড়, ৭৯০ পিস শাড়ি কাপড়, ৫০ পিস প্যান্টের কাপড় ও ৫৮০ পিস থ্রিপিস। এই কাপড়গুলোর মূল্য ৩ কোটি টাকা বলে ডিবি পুলিশ জানায়।
