লক্ষ্মীপুরে পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার একজন গুলিবিদ্ধ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আহত শাহ আলমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। এলাকাবাসী জানায়, বশিকপুর ইউনিয়নের বড়ালিয়া এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে। এমন খবর পেয়ে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বড়ালিয়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে সন্ত্রাসী শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ উদ্ধার ও দত্তপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সন্ত্রাসী মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গুলিবিদ্ধ শাহ আলম জানান, সে একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে বিকেলে চা দোকানে বসা অবস্থায় পুলিশ তাকে গুলি করে বলে দাবি করে সে। অপরদিকে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুর নবী জানান, সন্ত্রাসীদেরকে আমরা কোন গুলি করিনি। তাদের গুলিতে তারা আহত হয়েছে।