যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদারকে গ্রেফতারের প্রেক্ষাপটে বিরাজমান শীতল সম্পর্ক উন্নয়নের চেষ্টায় দেশটির সাতজন আইনপ্রণেতার একটি দল মঙ্গলবার কিউবায় পৌঁছেছে। তারা কিউবার পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে আশা করছেন। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ঠিকাদার অ্যালান গ্রসকে মুক্তি না দেয়া পর্যন্ত কমিউনিস্ট দেশটির সাথে তাদের সম্পর্কের অগ্রগতি হবে না। ইন্টারনেট সরঞ্জাম চোরাচালানের দায়ে ২০০৯ সালে কিউবায় গ্রসকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। গত সেপ্টেম্বরে কিউবা জানিয়েছিল, গ্রসকে নিয়ে তারা ওয়াশিংটনের সাথে আলোচনায় প্রস্তুত, যদি মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের কারাদণ্ডে দণ্ডিত কিউবার পাঁচ গোয়েন্দা কর্মকর্তার বিষয়ে আলোচনা করতে রাজি থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান এবং ডেমোক্র্যাট সিনেটর প্যাট্রিক লিহাই বলেছেন, কিউবায় আমাদের সবারই একটি স্বার্থ আছে। আমরা সবাই সম্পর্কের উন্নয়ন দেখতে চাই। প্রসঙ্গত, বছরখানেক আগে সিনেটর লিহাই ঠিকাদার গ্রসকে দেখে গিয়েছিলেন এবং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সাথে সাক্ষাত্ করেছিলেন।
কিউবা বিপ্লবের পর অল্প সময়ের জন্য দেশটির সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক ছিল না। যুক্তরাষ্ট্র পাঁচ দশক যাবত্ কিউবার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি রেখেছে। তবে গ্রসের গ্রেফতার সত্ত্বেও ২০১২ সালে ৪৫ থেকে ৫০ হাজার মার্কিনী এবং কিউবান বংশদ্ভূত যুক্তরাষ্ট্রের অধিবাসী কিউবা ভ্রমণ করে।
