গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আমঝুপির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শোক শোভাযাত্রার পরে স্কুল শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন। এ সময়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, স্কুল কমিটির সভাপতি বোরহান উদ্দিন ও প্রধান শিক্ষক মামুল ইসলাম মুকুল মহান ভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। এদিকে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হেমায়েত উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াচ কমিটির সভাপতি ও জেলা লোকমোর্চা কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র-এর (মউক) নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মেহেরপুর সরকারি প্রাথমিক শিক্ষক এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক লিটন।
