উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি বরযাত্রী বোঝাই মিনিবাস খালে পড়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও আছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বাসটি খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে চারসাদ্দা শহরে যাচ্ছিল। পথে একটি খালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর বর্তমান পত্রিকার। দিন কয়েকের প্রবল বর্ষণে খালের পানি বেশ বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল। ফলে অনেক যাত্রী পানির তোড়ে ভেসে গেছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিনিবাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল রাত পর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। যাঁদের মধ্যে পাঁচজন মহিলা ছিলেন। আটজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
