আসামির মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
নাটোরের বড়াইগ্রামের দুই বোনকে হত্যার দায়ে অভিযুক্ত মো. আজিজুল হক বাচ্চুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আসামির আবেদন (জেল পিটিশন) খারিজ করে গতকাল সোমবার এ রায় দেন। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি নাটোরের বড়ইগ্রাম থানার বাসিন্দা নুরুল ইসলাম চান্দুর দুই মেয়ে পাখি খাতুন ও সুমাইয়া খাতুন খুন হন। ওই দিনই হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে তার বাড়ির ভাড়াটিয়া মো. আজিজুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, পাখি খাতুনকে প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রস্তাব দিলেও তাতে মেয়ের পরিবারের সাড়া না পেয়ে আসামি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। পরে ওই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ২৮ নভেম্বর নাটোরের একটি আদালত বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের ফাঁসির রায় বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি আপিল বিভাগে আপিল করেন। শুনানি শেষে গতকাল আদালত ওই আবেদন খারিজ করে দেয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মো. সেলিম ও আসামির পক্ষে হেলাল উদ্দিন মোল্লা মামলা পরিচালনা করেন। মো. সেলিম সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখায় আসামির দণ্ড কার্যকরে কোনো বাধা নেই। তবে আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারেন।