উইন্ডোজ ছাড়বে না নকিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৮
স্মার্টফোনের বাজারে রাজত্বটা ধরে রেখেছে অ্যান্ড্রয়েড। এক সময়ের মোবাইল জায়ান্ট নকিয়ার অবস্থা খুব বেশি ভালো নয়। একসময় সিমবিয়ান নিয়ে কাজ করলেও এখন উইন্ডোজ স্মার্টফোন নিয়েই কাজ করছে নকিয়া। সাম্প্রতিক সময়ে লুমিয়া সিরিজের অনেকগুলো স্মার্টফোনই বাজারে এনেছে তারা। সম্প্রতি তারা লুমিয়া সিরিজে আরও নতুন দুইটি ফোনও যোগ করেছে। লুমিয়া ৫২০ এবং ৭২০ মডেলের দুইটি স্মার্টফোন বাজারে আসলেও মোবাইল বাজারের বিশ্লেষকদের একদলের মতামত, অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আনতে পারলে নকিয়ার জন্য তা আরও বেশি সাফল্য নিয়ে আসবে। তবে এসব বিশ্লেষকদের অনুসরণ করছে না নকিয়া। তেমনটিই নিশ্চিত করেছেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ। লুমিয়ার নতুন এই দুই ফোন উন্মোচন করার সময় তিনি বলেন, ‘আজ থেকে দুই বছর আগেই আমরা উইন্ডোজ ফোন বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই কৌশল থেকে আমরা কোনোভাবে সরে আসিনি।’ সমালোচকদের কাছে লুমিয়া ভালো স্মার্টফোন হিসেবে স্বীকৃত হলেও বাজার বিক্রিতে তার প্রমাণ নেই। তবে নাকিয়া আশা করছে, অল্পদিনের মধ্যেই উইন্ডোজ ফোনগুলোর বাজার চিত্র বদলে যাবে।