প্রযুক্তি বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে প্রযুক্তি পণ্যে নিয়মিতই আসছে চমক। নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে গত কয়েক বছর ধরেই নমনীয় ডিসপ্লেবিশিষ্ট প্রযুক্তি পণ্যের কথা আলোচিত হয়ে আসছে প্রযুক্তি বিশ্বে। তবে বাস্তবে এই ধরনের প্রযুক্তি পণ্য এখনও আলোর মুখ দেখেনি। চলতি বছরের শুরুতেই কনজ্যুমার ইলেকট্রনিক শোতে কর্নিং ইনকরপোরেশন উইলো গ্লাস নামক এক নমনীয় ডিসপ্লে প্রদর্শন করলে এর ব্যবহার খুব দ্রুতই শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে তাদের সে আশায় জল ঢেলে দিয়েছে নির্মাতা কর্নিং। সম্প্রতি তারা জানিয়েছে, উইলো গ্লাস ব্যবহার করে নমনীয় ডিসপ্লে তৈরি করা গেলেও এগুলো দিয়ে প্রযুক্তি পণ্য তৈরিতে আরও বছর তিনেক সময় লাগবে। চীন সফরকালে বেইজিংয়ে কর্নিংয়ের প্রেসিডেন্ট জেমস ক্ল্যাপিন এই কথা জানান। বেইজিংয়ে কর্নিংয়ের একটি এলসিডি গ্লাসের একটি কারখানা স্থাপন করেছে কর্নিং। এর উদ্বোধনের সময়েই ক্ল্যাপিন জানান, ‘নমনীয় কাঁচ ব্যবহারে মানুষ এখনও অভ্যস্ত নয়। নমনীয় তৈরি করে প্রযুক্তি পণ্যে ব্যবহারের বিষয়টি এখনও গবেষণাগারের মধ্যেই সীমাবদ্ধ। এই পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে।’ তবে পূর্ণাঙ্গ নমনীয় ডিসপ্লে’র প্রযুক্তি পণ্য বাজারে আসতে দেরি থাকলেও সোলার প্যানেলের ব্যারিয়ার কিংবা টাচ প্যানেলের পেছনের অংশে উইলো গ্লাসের ব্যবহার চলতি বছরেই শুরু হবে বলে আশাবাদ জানিয়েছেন ক্ল্যাপিন। গত বছরের জুন মাসেই উইলো গ্লাসের নমুনা কর্নিং পাঠিয়ে দেয় বিভিন্ন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানে। আইফোনসহ বিভিন্ন স্মার্টফোনে যে গরিলা গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, তার নির্মাতাও কর্নিং। সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল’র স্মার্ট ওয়াচের যে প্যাটেন্টটি প্রকাশ হয়ে পড়ে, তা সত্যিকার অর্থে তৈরি হতে গেলেও নমনীয় ডিসপ্লে প্রয়োজন। আর কর্নিংয়ের এই উইলো গ্লাসের নমনীয় ডিসপ্লে এতে ব্যবহার করা হবে বলেই ধারণা করছিলেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে তাদের সে ধারণা সহসাই সত্যে পরিণত হচ্ছে না বলেই জানা যাচ্ছে ক্ল্যাপিনের কথা থেকে। এর ফলে যারা নমনীয় ডিসপ্লে’র স্মার্টফোনকে কল্পনায় দেখতে পাচ্ছিলেন, তাদেরও আশা পূর্ণ হচ্ছে না শীঘ্রই।
মোজাহেদুল ইসলাম
