টানা তিনদিনের হরতালে নীলফামারী ও সৈয়দপুরের কাঁচাবাজারে কোটি টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। এছাড়া লাগাতার হরতালের প্রভাবে ১০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা। সূত্র মতে, নীলফামারী সদর, সৈয়দপুর ও জলঢাকার কাঁচাবাজারের ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মালামাল নিয়ে আসেন। কিন্তু হরতালের কারণে ও সড়ক অবরোধ থাকায় মালামাল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এদিকে প্রান্তিক চাষিরা তাদের উত্পাদিত ফসল নিয়ে পড়েছে বিপাকে। সৈয়দপুর পৌর সবজি বাজারের ব্যবসায়ী লোকমান গনি জানান, বগুড়া থেকে হরতালের আগের রাতে এক ট্রাক টমেটো কিনে বিপদে পড়েছেন। মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী না আসায় ওই ট্রাকের ১০ শতাংশ টমেটো বিক্রি করতে পারেননি। বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, তিনদিনের হরতালের কারণে গোটা নীলফামারী জেলায় কাঁচাবাজারে লোকসান হবে কোটি টাকা।
