আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা শুরু হচ্ছে আজই। ক্লনটাফ ক্রিকেট মাঠে স্বাগতিক আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। বাংলাদেশের মিশন শুরু হবে ৭ মে। এদিন সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল।
সিরিজের মূল লড়াইয়ে নামার আগে আজ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি-তামিমরা। ডাবলিনে পৌঁছে টানা তিন দিন অনুশীলনের পর আজ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছিল আইরিশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার উপস্থিত ছিলেন।
অনেক গরম থেকে তীব্র শীতের ডাবলিনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে বিশ্বকাপ দলের বাইরে থাকা ক্রিকেটাররাও সুযোগ পেতে পারেন। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছেন। নেটে বোলিংও করেছেন। তারপরও বিশ্বকাপ বিবেচনায় তাদেরকে ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচে খেলানো হবে না। ১১ জন করে ব্যাটিং, বোলিংয়ের সুযোগ পাবেন। সেক্ষেত্রে আজ প্রস্তুতি ম্যাচে স্বীকৃত ব্যাটসম্যানরাই ব্যাটিং করবেন। আর বোলিং করানো হতে পারে সব বোলারদের।
প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস সঞ্চয়ের চেষ্টায় থাকবে বাংলাদেশ দল। গতকাল ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা জানি আমাদের একটা ভালো শুরু করা দরকার ত্রিদেশীয় সিরিজে। আর প্র্যাকটিস ম্যাচ থেকে সেই আত্মবিশ্বাসটা নিতে হবে। যদি এখানে আমরা ভালো করতে পারি, এটা মানসিকভাবে আমাদেরকে অনেকটা এগিয়ে দিবে।’
একই দিনে আইরিশদের দুটি দল মাঠে থাকবে। আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড জাতীয় দল। আর আয়ারল্যান্ড উলভস লড়বে বাংলাদেশের বিরুদ্ধে। এমন ব্যস্ত দিনের কথা ভেবে খুশি আইরিশ প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট। তিনি বলেছেন, ‘উলভস যেদিন বাংলাদেশের বিপক্ষে খেলবে, একই দিনে আয়ারল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বমানের দুটি প্রতিপক্ষের সঙ্গে সেরা ২২ আইরিশ ক্রিকেটার একই সঙ্গে খেলছে, এমন দৃশ্য দেখার সুযোগ নির্বাচকদের সামনে কমই আসে।’
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের নেতৃত্বে থাকবেন হ্যারি টেক্টর। জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে এই টেক্টরই স্বাগতিকদের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের অধিনায়কের দায়িত্বে ছিলেন।
ইত্তেফাক/কেআই
