আক্রান্ত হলে পাল্টা জবাব পাবে আগ্রাসী বাহিনী

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:৩৬
উত্তর কোরিয়ার কাছ থেকে আক্রান্ত হলে দেশটিতে পাল্টা হামলা চালিয়ে এর জবাব দেবে দক্ষিণ কোরিয়া। হামলার লক্ষ্য হবে পিয়ংইয়ং-এর শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলতে থাকলে উত্তর কোরিয়া ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেয়ার পর সিউল এ প্রতিক্রিয়া জানাল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মেজর জেনারেল কিম ইয়ং-হায়ুন এক সাংবাদিক সম্মেলনে বলেন,“কঠোর এবং চরম শাস্তি দেয়ার সব প্রস্তুতিই আমাদের আছে। আগ্রাসী শক্তিসহ এর সহযোগী বাহিনী এমনকি নেতৃস্থানীয়দের ওপরও আঘাত হানতে আমরা প্রস্তুত।” উত্তর কোরিয়ার বিরুদ্ধে এটিই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে স্পষ্ট এবং প্রত্যক্ষ হুমকি। এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় টিভিতে উত্তর কোরিয়ার এক শীর্ষ জেনারেল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জবাবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দু’দেশের বিরুদ্ধেই সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেন। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু হয় ১ মার্চ থেকে। উত্তর কোরিয়ায় নতুন নেতা কিম জং উন ক্ষমতা নেয়ার পর ডিসেম্বরে দূরপাল্লার রকেট পরীক্ষার পর থেকে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চলতে থাকলে দক্ষিণ কোরিয়ার ধ্বংস ডেকে আনার হুঁশিয়ারি এরই মধ্যে দিয়েছে উত্তর কোরিয়া। গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর নতুন করে আরো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয় পিয়ংইয়ং-এর ওপর। এর জবাবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈরী নীতির প্রতিবাদে আরো পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়াসহ দক্ষিণ কোরিয়ার ধ্বংস ডেকে আনার হুঁশিয়ারি দেয়।