বঙ্গবন্ধু সেতুর সিসি ক্যামেরা চুরি :দুই কর্মচারী গ্রেফতার

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:০৭
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা চুরির অভিযোগে দুই কর্মচারী সিগনালম্যান নাহিদুল ইসলাম বাপ্পী ও আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা-পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় ওজন স্টেশন থেকে গত ১৭ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ক্লোজ সার্কিট ক্যামেরা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাদি হয়ে সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিসিসি-এসইএল-ইউডিসি’র প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করেন। নাহিদুল ইসলাম বাপ্পী ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মাজহারুল ইসলামের ছেলে এবং আবুল হোসেন একই উপজেলার সারপলশিয়া গ্রামের আলী আকবরের ছেলে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, অভিযোগের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।