গণফোরামে যোগ দিলেন আবু সাইয়িদ, পাবনা-১ আসনে টুকুর প্রতিদ্বন্দ্বি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৫৫

পাবনা-১ সাাঁথিয়া-বেড়া (আংশিক) আসনে আওয়ামী লীগের দুই বারের নির্বাচিত এমপি সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত দলীয় প্রার্থী হিসেবে রবিবার চূড়ান্ত হয়েছেন। এ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন সংবিধান প্রণেতা ড. অধ্যাপক আবু সাইয়িদ।

রবিবার আওয়ামী লীগের হয়ে মনোনয়নের চিঠি বঞ্চিত হন তিনি। সোমবার দুপুরে গণফোরামের আরামবাগে দলীয় কার্যালয়ে গিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী গণফোরামে যোগদান করেন। দুপুরের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে আবু সাইয়িদের যোগদানের সংবাদ আসতে থাকে। এতে সাঁথিয়া-বেড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদানের বিষয়টি ভালো ভাবে দেখছে না। এ দলের অনেক নেতাকর্মীই দ্বিধা বিভক্তি হয়ে পড়বেন বলে অনেকেই মনে করছে।

এ আসনটি নিজেদের করতে বিএনপি, জামায়াত ঐক্যফ্রন্টের দেওয়া প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে সচেতন মহলের ধারণা। হাটে-বাজারে, চা-স্টল, অফিস-আদালতসহ সর্বত্র আবু সাইয়িদের গণফোরামে যোগদানের গুঞ্জনে মুখোরিত।

এদিকে তৃতীয় বারের মতো শামসুল হক টুকু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করে দিচ্ছে। রবিবার দুপুরের পর থেকেই সাঁথিয়ার বিভিন্নস্থানে আনন্দ মিছিল করতে দেখা গেছে।

ইত্তেফাক/অারকেজি