আফগানিস্তানে কপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন সেনা নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৪৫
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সোমবার ন্যাটোর নেতৃত্বাধীন পাঁচ মার্কিন সৈন্য নিহত হয়েছে। দেশটির কান্দাহার প্রদেশের দামার জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে মার্কিন এক কর্মকর্তা জানান। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্সের (ইসাফ) এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, প্রাথমিকভাবে এ দুর্ঘটনার সঙ্গে শত্রুপক্ষের কারো বা তালেবানের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিশ্চিত করে বলা হয়েছে যে, এ ঘটনায় পাঁচ মার্কিন নাগরিকই মারা গেছে। সেইসঙ্গে তারা আরো বলেছে, প্রবল বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, আফগানিস্তানে ইদানীংকালে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা বেড়ে গেছে। এটা কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার কখনো তালেবানের হামলা থেকেও হচ্ছে। গতবছর আগস্টে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একই ধরনের হেলিকপ্টার দুর্ঘটনায় সাত মার্কিন সৈন্যসহ ১১ জন নিহত হয়।