প্রযুক্তি ব্যক্তিত্ব র্যাসমাস লির্ডর্ফ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৩০
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে পিএইচপি সারা বিশ্বেই সুপরিচিত। ওয়েবসাইট তৈরি নিয়ে কাজ করে থাকেন যারা, তাদের সবাইকেই কমবেশি ব্যবহার করতে হয় এই ল্যাংগুয়েজটি। বড় বড় সব বিখ্যাত ওয়েবসাইট তৈরি হয়েছে পিএইচপি ব্যবহার করেই। এই পিএইচপি ল্যাংগুয়েজটি যারা তৈরি করেছেন, তাদের মধ্যেই অন্যতম একজন র্যামসাস লির্ডর্ফ। ১৯৬৮ সালের ২২ নভেম্বর ডেনমার্কে জন্ম নেওয়া এই প্রোগ্রামারের পরিবার তার খুব অল্প বয়সেই চলে আসে কানাডায়। তার লেখাপড়াও সম্পন্ন হয় কানাডাতেই। ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে তিনি সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অব অ্যাপ্লায়েড সায়েন্স ডিগ্রি লাভ করেন। জনপ্রিয় পিএইচপি ল্যাংগুয়েজের প্রথম দুইটি সংস্করণ তারই লেখা। পরবর্তী সংস্করণগুলোতেও তিনি অবদান রেখে যাচ্ছেন অন্য সবার সাথে। এ ছাড়া অ্যাপাচি এইচটিটিপি সার্ভার এবং এমএসকিউএল নিয়েও কাজ করেছেন তিনি। ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত তিনি কাজ করেছেন ইয়াহুতে; ২০১০ সালে তিনি যোগ দেন উইপে-তে। অনুর্ধ্ব ৩৫ বছর বয়সী সেরা ১০০ উদ্ভাবকের তালিকায় তাকে স্থান দিয়েছে এমআইটি।