যেতে যেতে পথে পথে

বস্তুসামগ্রীর বিকল্প ব্যবহার

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৫৩
:বিভিন্ন বস্তুর বিকল্প ব্যবহার নিয়ে আমরা কিন্তু খুব ভাবি না। :না, তেমন ভাবি না । :আজ ভাববো । :ভাবুন। আপনিই বরং এক এক করে বলুন, তাতে সময় কম লাগবে। ধরুন, বই। এটি ছোট হলে পানির গ্লাসে ঢাকনা দেয়া যায়, মোটা ও ভারী হলে মানুষের মাথায় আঘাত করা যায়, জুত্মত আঘাত করতে পারলে মানুষকে মেরেও ফেলা যায়। এটি ঘর সাজাবার ও নিজের আঁতেলেকচুয়ালিটির ঢোল বাজাবার কাজে ব্যবহূত হয়। খোলা বই মুখের ওপর মেলে ধরে পাওনাদারের দৃষ্টি এড়ানো যায়। এই কাজটি আপনি খোলা পত্রিকা দিয়ে আরও ভালো করতে পারেন। তাছাড়া পত্রিকা কিন্ডারগার্টেন স্কুলের ফুটপাতে মায়েদের আসন হিসেবে ব্যবহার করা যায়। এর ব্যবহারে শুদ্ধশান্তবিশুদ্ধ যেমন করা যায়, কানা বাইসনও করা যায়। মানবপ্রেমের বোধ ও সাম্প্রদায়িকতার বিষ দুটোই ছড়ানো যায়। এটি অসাংবাদিকের জীবনবৃত্তান্ত উন্নত করার কাজেও ব্যবহার করা যায়। তারপর ধরুন, কলম। এটি দিয়ে শুধু কি আপনি লিখবেন? হননের কাজ করবেন না! চাইলে কিন্তু করতে পারেন। বিভিন্ন প্রক্রিয়ায় ও তরিকায়। কলমের নিব খুব শার্প হলে এটি ছুরির মত কাজে লাগানো যায়। এটি দিয়ে মানুষকে যখন গুঁতোনো যায়। মানুষের চরিত্র হননে কলমের ব্যবহার বড় ধন্বন্তরী। থার্ড বিষয়টি হচ্ছে গাড়ি। এটিকে বাহন হিসেবে ব্যবহার করা যায়, নিজে যেমন চড়া যায়, মানুষকেও চড়ানো যায়। এগুলো প্রথাগত ব্যবহার। বিকল্প ব্যবহার হচ্ছে-এগুলো ভাঙ্গা যায়, চূর্ণ-বিচূর্ণ করা যায়, এগুলো পোড়ানো যায়, পুড়িয়ে ছাই করে দেয়া যায়। এগুলোর ভেতর মানুষকে জীবন্ত দগ্ধ করা যায়, লাঠিসোঁটা নিয়ে পিছু দৌড়ুতে দৌড়ুতে এগুলোকে মনের সুখে উল্টে ফেলা যায়। অথবা রাস্তার ওপর কাত করে ফেলে তার চাপায় মানুষ মারা যায়। ধরুন, বাড়ি। এগুলোতে বসবাস যেমন করা যায়, এগুলো পোড়ানোও যায়। এতে একটা প্যাকেজ কর্ম করা যায়। বাড়ির সঙ্গে দুর্গত মানুষের মন পোড়াবার আনন্দ সন্ধান করা যায়। বাড়ির ভেতরে রাখা সম্পদ তৈজস তণ্ডুলকণা, বই-পুস্তক, পোশাক-পরিচ্ছদ। পুঁথিগ্রন্থ সব সব পোড়ানো যায়, পোড়া বাড়ির সামনে মানুষ কাঁদানো যায়, ছাই ভস্মের ওপর গড়াগড়ি দেয়া বৃদ্ধাকে দিয়ে বিলাপ করানো যায়। ভাইয়ের ওপর ভাইয়ের এবং প্রতিবেশীর ওপর প্রতিবেশীর বিশ্বাস ও ভরসাকে নষ্ট করা যায়। আজকের মত সর্বশেষ হচ্ছে উপাসনালয়। এই ভেঙ্গে-চুরে মানুষের মন ভাঙ্গা ও উপাসনালয় ভাঙ্গা যে সমার্থক তার অর্থ গুলিয়ে দেয়া যায়। এটি ভেঙ্গে মানুষের বিশ্বাসকে একদিকে অপমান করা যায়, অন্যদিকে দৃঢ় করে দেয়া যায়। এটি চূর্ণ করে নষ্ট ও ভ্রষ্ট লোকেদের ভণ্ডামি করার ও কুম্ভীরাশ্রু বর্ষণের সুযোগ এনে দেয়া যায়। লেখক: শ্রমজীবী ও রম্যজীবী কথা সাহিত্যিক

এ সম্পর্কিত আরও পড়ুন