উচ্চতর পর্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কত অনুভূতি কত স্বপ্ন

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ১৮:৩৯
শুরু হতে যাচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা উত্সুক হয়ে আছ পরীক্ষার জন্যে। পরীক্ষা চলাকালীন তোমাদের করণিয় বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা সন্নিবেশিত হয়েছে শেষ সময়ের প্রস্তুতি বিশেষ সংখ্যায়। আমাদের আশাবাদ তোমাদেরকে অনেক তথ্য দিতে পারবে এ সংখ্যাটি। উচ্চতর পর্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কত অনুভূতি কত স্বপ্ন। তোমাদের স্বপ্নের সঙ্গে সম্পৃক্ত তোমাদের পরিবার গোটা দেশ। সেই স্বপ্ন বাস্তবায়নের একমাত্র পথ জ্ঞান অর্জন। তুমি বিজ্ঞান, কলা না বাণিজ্য পড়ছ সেটা বিবেচ্য বিষয় নয়। যা পড়ছ সেটা আত্মিক ভীতকে স্পর্শ করছে কিনা। বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে প্রায়োগিক ও উচ্চতর দক্ষতার স্তরকে শাণিত করছে কিনা সেটাই মুখ্য। সকল বিষয়ই সমান গুরুত্ব বহন করে। যা পড়বে সেটা চুলচেরা বিশ্লেষণ করে পড়তে হবে। তবেই জ্ঞান বাড়বে। জ্ঞান ছাড়া উন্নতি সম্ভব নয়। জ্ঞানই প্রকৃত সম্পদ বা শক্তি যার কোন বিনাশ নাই। যার কোন ক্ষয় নাই। দান করলেও যার কোন হ্রাস হয় না বরং বৃদ্ধি পায় । বইই জ্ঞানের প্রধান উত্স। তাই বইকে করতে হবে নিত্যসঙ্গি। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবন চলায় অনেক প্রবৃত্তি এসে ভিড় করবে তোমাদের সেটাই স্বাভাবিক তাই নিবৃত্তিটাকেও সঙ্গে রেখো। মন ও হূদয়ের সম্পৃক্ততায় জ্ঞানের আলোকে চালাতে হবে জীবনকে। সকল বাধা বিপত্তি কাটাতে হবে যৌক্তিক চিন্তাধারার মাধ্যমে। যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে । নিজের জন্য সমাজের জন্য দেশের জন্য। তোমাদের কাছে এটাই প্রত্যাশা সকলের।