বাংলাদেশে স্যামসাং ‘রেক্স’ সিরিজের যাত্রা শুরু

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৭
দেশের বাজারে স্যামসাং ব্র্যান্ডের রেক্স সিরিজের মোবাইল হ্যান্ডসেট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ অফিস। এ সময় রেক্স সিরিজের সাশ্রয়ী মূল্যের রেক্স ৬০, রেক্স ৭০ এবং রেক্স ৮০ মডেলের তিনটি ফোন অবমুক্ত করা হয়। ফোনটির উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্র্যাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর সিএস মুন। ক্রেতাদের জীবনযাত্রাতেও এই ফোন পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্যামসাং কর্তৃপক্ষ জানায়, প্রতিটি হ্যান্ডসেটেই রয়েছে বড় আকারের টাচ ডিসপ্লে; স্মার্ট ইউজার ইন্টারফেস; স্মার্ট অ্যাপ এবং প্রিলোডেড গেম; ফেসবুক, টুইটার, চ্যাটঅন, জি টকসহ সব ধরনের সোস্যাল নেটওয়ার্ক ও ম্যাসেঞ্জার, স্মার্ট ডুয়াল সিম, ১.৩ মেগাপিক্সেল থেকে ৩ মেগাপিক্সেল পর্যন্ত রেজ্যুলেশনের ক্যামেরা, ১০০০ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ ৩.০, অটো সিঙ্ক অপশন, এমপিথ্রি, এমপিফোর, ৩.৫ এমএম জ্যাক, মাইক্রোএসডি সমর্থন, ওয়াই-ফাই প্রভৃতি সুবিধা। রেক্স ৬০, রেক্স ৭০ এবং রেক্স ৮০ মডেলের মূল্য যথাক্রমে ৬,৯০০ টাকা, ৭,৩০০ টাকা এবং ৮,৯০০ টাকা। ইতোমধ্যেই রেক্স ৬০ এবং রেক্স ৮০ মডেল দুইটি পাওয়া যাচ্ছে। আর রেক্স ৭০ পাওয়া যাবে এপ্রিল মাস থেকে। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার এসএইচ সং এবং প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাসুদুল হক ভুইয়াসহ স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মকর্তা এবং স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন পার্টনাররা উপস্থিত ছিলেন।