রাজধানীতে আজ আওয়ামী লীগের জনসভা

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:১৬
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিকাল ৩টায় আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসের প্রতিবাদে এই জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার মাধ্যমে রাজধানীতে শক্তির মহড়া দেখাতে চায় আওয়ামী লীগ। জনসভা সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা ও ধারাবাহিক বৈঠক করেছে আওয়ামী লীগ। কেন্দ ীয় নেতারা দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিকবার জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছেন। সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন নিজেদের মধ্যে পৃথক প্রস্তুতি সভা করেছে। এসব সভা থেকে আজকের জনসভায় ব্যাপক জমায়েতের বিষয়ে বিশেষ নজর দিতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। জনসভাস্থল এবং আশপাশের সড়কে প্রায় শতাধিক মাইক রাখা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ঘিরে এ জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এ গণজাগরণকে সঠিকভাবে পরিচালিত করতে শেখ হাসিনা জনসভা থেকে নির্দেশনা দেবেন।